তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গাঁজা, ইয়াবা, বাংলা মদসহ আটক আরও দুই মাদক ব্যবসায়ী এবং এক জুয়াড়ীকে ভ্রাম্যমাণ আদালতে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ নিয়ে গত ৩১ দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক ৩৩ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ভানুয়াইর মো. ওয়াসিম, বারাহিনগরের জহির উদ্দিন ও বজরার মো. জাফর।
এর মধ্যে ওয়াসিমকে দুই বছর, জহির উদ্দিনকে এক বছর ও জাফরকে ১৫ দিনের সাজা দেওয়া হয়েছে।
সোনাইমুড়ী থানার ওসি আশরাফ উল ইসলাম প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের থানাহাজতে রাখা হয়েছে। আজ শনিবার তাঁদের কারাগারে পাঠানো হবে।