জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হলে, তার পরদিনই হরতাল ডাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। রাত সোয়া ১০টায় বৈঠক শেষে বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।তরিকুল জানান, বিএনপির নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে গুম এবং বিশ্বজিৎ দাসসহ সব হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৫ জানুয়ারি সব মহানগর ও জেলায় মানবপ্রাচীর কর্মসূচি পালিত হবে। এ ছাড়া মাসব্যাপী কর্মসূচিও বৈঠকে চূড়ান্ত হয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে: ৬ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ, ১১ জানুয়ারি এক-এগারো উপলক্ষে ‘কালো দিবসের’ সমাবেশ, ১৮ থেকে ২২ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি পালন, ২৩ জানুয়ারি সরকারের দুর্নীতির প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জেলা-উপজেলায় প্রচারপত্র বিলি এবং ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন। এসব কর্মসূচিতে বাধা এলে প্রতিবাদে হরতাল দেওয়ার সিদ্ধান্তও রয়েছে।খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে বিএনপির তরিকুল ইসলাম, নজরুল ইসলাম; জামায়াতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের; বিজেপির আন্দালিব রহমান; কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক; বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়াসহ ১৮ দলের নেতারা অংশ নেন।