ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আসামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত আসামে সরকারি হিসাবে ১০ জনের মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্রসহ রাজ্যের ১০টি নদ-নদী বিপৎসীমার ওপর দিয়ে বইছে। বৃষ্টির বিরাম নেই। আরও বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।
গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ত্রিপুরায় বন্যায় প্রাণ হারিয়েছে তিনজন। বন্যার কারণে আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি দুই দিন বন্ধ থাকার পর গত রোববার স্থলবন্দর আবার সচল হয়েছে।
আসামের ৩৩টি জেলার ২১টিই প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২২ লাখ ৫০ হাজার।