গুলি করে বাংলাদেশিকে হত্যা

দায় স্বীকার করে দুঃখ প্রকাশ বিএসএফের

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে বাংলাদেশের নাগরিক মনিরুল ইসলামকে (২৫) গুলি করে হত্যার দায় স্বীকার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দুপুরে শার্শা উপজেলার চরের মাঠ সীমান্তে দুই দেশের শূন্যরেখায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।
বৈঠক শেষে বিজিবির ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রহিম প্রথম আলোকে বলেন, বিএসএফের কোম্পানি কমান্ডার বলেছেন, তাঁদের সদস্যদের আত্মরক্ষার্থে চালানো গুলিতে মনিরুল নিহত হতে পারেন। এ জন্য তিনি অনুতপ্ত।
আবদুর রহিম বলেন, ‘ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা বলেছি, সীমান্তে গুলি করে মানুষ হত্যা করা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনা তারা যেন আর না ঘটায়।’
গত সোমবার মধ্যরাতে মনিরুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী ও রাখাল গরু আনার জন্য পুটখালী সীমান্তের ইছামতী নদীর পারে অপেক্ষা করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যান। মনিরুল বিএসএফের হাতে আটক হন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেন। খবর পেয়ে মনিরুলের বাবা তাঁর ছেলের একটি ছবি বিজিবির কাছে দিলে তা বিএসএফের কাছে পাঠানো হয়। ছবি দেখে লাশটি মনিরুলের বলে শনাক্ত করে বিএসএফ।
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মনিরুলের লাশ তাঁর পরিবারের কাছে গতকাল রাতেই ফিরিয়ে দেওয়ার কথা।