জমি নিয়ে সংঘর্ষ

দাশিয়ারছড়ায় প্রথম মামলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবস্থিত সাবেক ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষের ঘটনায় গত বুধবার মামলা হয়েছে। সাবেক কোনো ছিটমহলে এটাই মামলার প্রথম ঘটনা।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তির আওতায় ফুলবাড়ী উপজেলাধীন দাশিয়ারছড়া বর্তমানে বাংলাদেশের ভূখণ্ড। পুলিশ জানায়, দাশিয়ারছড়ার ছোট কামাত গ্রামের বাসিন্দা হানিফ আলী ও সহিদুল ইসলামের লোকজনের মধ্যে ৩৬ শতাংশ জমির দখল নিয়ে গত ১৭ আগস্ট সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হন নারীসহ ছয়জন। আহত ব্যক্তিরা তখন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা করতে পারেননি। সংঘর্ষের ঘটনায় সহিদুল ইসলাম কুড়িগ্রামের আদালতে বুধবার প্রতিপক্ষের পাঁচজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।