দিদারবিহীন বলীখেলার নতুন চ্যাম্পিয়ন চকোরিয়ার জীবন বলী

লড়াইয়ের জন্য প্রস্তুত কুমিল্লার শাহজালাল (বাঁয়ে) ও কক্সবাজারের জীবন বলী। লালদীঘি মাঠ, চট্টগ্রাম, ২৫ এপ্রিল। ছবি: সৌরভ দাশ
লড়াইয়ের জন্য প্রস্তুত কুমিল্লার শাহজালাল (বাঁয়ে) ও কক্সবাজারের জীবন বলী। লালদীঘি মাঠ, চট্টগ্রাম, ২৫ এপ্রিল। ছবি: সৌরভ দাশ

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলায় এবার থেকে নতুন যুগের শুরু। এই আসরের ১১ বারের চ্যাম্পিয়ন রামুর দিদার বলী গত বছর শিরোপা জিতে অবসরের ঘোষণা দেন। এবার দিদারবিহীন নতুন যুগের প্রথম চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলী। তিনি আজ বুধবার লালদীঘি মাঠে অনুষ্ঠিত ফাইনালে কুমিল্লার শাহজালালকে হারিয়ে জব্বারের বলীখেলার ১০৯তম আসরের চ্যাম্পিয়ন হন।

এ বছর সাতকানিয়ায় মক্কার বলীখেলা এবং পটিয়ার বলীখেলায়ও চ্যাম্পিয়ন হন জীবন বলী। পুরো নাম তারেকুল ইসলাম। চকরিয়ায় একটি চায়ের দোকান চালান তিনি। বলীখেলা তাঁর শখ। ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বলী ধরে বেড়ান।
চ্যাম্পিয়ন হয়ে দারুণ উচ্ছ্বসিত জীবন বলী। তিনি বলেন, অত্যন্ত আনন্দিত। অন্য সব খেলার চেয়ে সেরা জব্বারের বলীখেলা। এটি অনেক বড় আসর। এই খেলায় চ্যাম্পিয়ন একটি স্বপ্নের মতো।
হাজার হাজার লোকসমাগম ঘটে এই বলীখেলা এবং মেলায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে আজ সবার কেন্দ্রবিন্দুতে ছিল বলীখেলার মঞ্চ। মাঠে চৌকির ওপর উঁচু একটি রিং বানানো হয়। বাংলালিংকের সৌজন্যে এবারের বলীখেলায় মোট ৮৬ জন বলী অংশ নেন। এর মধ্যে বিভিন্ন বয়সী বলী ছিলেন। চ্যাম্পিয়ন ও রানারআপের বাইরে আরও ৩৯ জনকে পুরস্কৃত করা হয়।
৭২ জন বলী সাধারণ রাউন্ডে অংশ নেন। এর মধ্যে ষাটোর্ধ্ব মফিজ ও খাজা আহমেদ—কেউ কাউকে হারাতে না পারায় দুজনকে বিজয়ী ঘোষণা করেন রেফারি। চ্যালেঞ্জ রাউন্ডে অংশ নেন আট বলী। তাঁদের মধ্যে জীবন প্রথমে খাগড়াছড়ির সুমন চাকমাকে হারান। একই রাউন্ডে কুমিল্লার শাহজালাল, উখিয়ার জয়নাল ও মহেশখালীর হোসেন জয়লাভ করেন।
এরপর সেমিফাইনালে জীবন জয়নালকে ৪ মিনিট ৩৮ সেকেন্ডে হারান। অপর সেমিতে শাহজালাল হোসেনকে হারান ১ মিনিট ৫০ মিনিটে। ফাইনালের দ্বৈরথটি হয় ১৪ মিনিট ৯ সেকেন্ডের। এতে রেফারি জীবনকে বিজয়ী ঘোষণা করেন। তবে সেটা শাহজালালের ভুলে। শাহজালালকে ফেলতে পারেননি জীবন। শাহজালাল খেলার নিয়মবহির্ভূত আচরণ করেন বলেই তাঁকে রেফারি পরাজিত ঘোষণা করেন।
শাহজালাল বলেন, ‘আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। আমাকে জীবন ফেলতে পারেনি।’
অভিযোগ প্রসঙ্গে প্রধান রেফারি আবদুল মালেক বলেন, বলীখেলায় পা ধরতে পারে না। মাথা দিয়ে মারতে পারে না। এই দুটি অপরাধ করার কারণে তাঁকে এর আগে তিনবার সাবধান করা হয়েছে। চতুর্থবার একই অপরাধ করায় অযোগ্য ঘোষণা করা হয় শাহজালালকে।

শাহজালাল ও জীবনের হাড্ডাহাড্ডি লড়াই। লালদীঘি মাঠ, চট্টগ্রাম, ২৫ এপ্রিল। ছবি: সৌরভ দাশ

আর জীবন হয়ে যান নতুন যুগের প্রতিনিধি। গত বছর নিজের ১১তম শিরোপা জিতে রামুর দিদার বলী জব্বারের বলীখেলা থেকে অবসরের ঘোষণা দেন। এবার দিদার আর এই প্রতিযোগিতায় আসেননি।
প্রতিবছর ১২ বৈশাখ এই বলীখেলা অনুষ্ঠিত হয়। বলীখেলা ঘিরে তিন দিনব্যাপী বৈশাখী মেলা বসে লালদীঘির আশপাশের এলাকায়।
আজ প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে বলীখেলার উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ উল হাসান, বাংলালিংকের আঞ্চলিক পরিচালক সৌমেন মিত্র, বাংলালিংকের কর্মকর্তা আশিক ইকবাল, উদ্‌যাপন পরিষদের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন জীবনকে নগদ ২০ হাজার ও রানারআপ শাহজালালকে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়।

অবশেষে জয় হলো জীবনের। লালদীঘি মাঠ, চট্টগ্রাম, ২৫ এপ্রিল। ছবি: সৌরভ দাশ