দীঘিনালায় আবারও দুই পক্ষে গোলাগুলি

খাগড়াছড়ির দীঘিনালার সীমান্তবর্তী আটারকছড়া এলাকায় স্কুলছাত্র গুলিবিদ্ধ হওয়ার ১০ দিনের মধ্যে ওই এলাকায় গত সোমবার রাতে আবারও গোলাগুলি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটারকছড়া এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই পক্ষের সদস্যদের মধ্যে সোমবার রাত সাড়ে আটটার দিকে প্রায় আধা ঘণ্টা ধরে গোলাগুলি হয়। এ ঘটনার পরপরই লংগদু সেনা জোনের করইল্যাছড়ি ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। গতকাল মঙ্গলবার সকাল থেকে পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনী যৌথভাবে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়।লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন শিকদার গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছেন।