কাল শনিবার ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে শিশুদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
গতকাল বৃহস্পতিবার ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ উদ্যাপন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ডেনমার্ক থেকে আনা হয়েছে। এর মান ভালো। ক্যাপসুল খেয়ে শিশু অসুস্থ হয়ে পড়তে পারে, এমন গুজবে যেন কেউ কান না দেয়।
৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ছাড়াও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের ভরা পেটে স্বাস্থ্যকেন্দ্রে আনতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের বলেন, দেশে সফলভাবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্যাপিত হয়ে আসছে। এর ফলে দেশে রাতকানা রোগের প্রাদুর্ভাব কমেছে।
ব্রিফিংয়ে স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।