বৈরী আবহাওয়ার কারণে গতকাল রোববার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ভেড়ানো একটি ফেরির সঙ্গে অপর একটি ফেরির ধাক্কায় রো রো ফেরি ভাষাশহীদ বরকতের র্যা ম ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া নদী উত্তাল থাকায় দুপুর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, বেলা তিনটার দিকে ৩ নম্বর ঘাটে ভেড়ানো ছিল ছোট ফেরি কাবেরী। এ সময় পাটুরিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ফিরছিল রো রো ফেরি ভাষাশহীদ বরকত। ফেরিটি ৩ নম্বর ঘাটে ভেড়ার সময় বাতাসের ধাক্কায় ঘাটে ভেড়া অপর ফেরি কাবেরীর সঙ্গে ধাক্কা লাগে। এতে ভাষাশহীদ বরকতের ডান পাশের রেলিং দেবে যায়। এ সময় রেলিংয়ের পাশে থাকা একটি প্রাইভেট কারের চালকের হাত ও পা জখম হয়। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে দুপুর থেকে পদ্মা নদীতে বাতাসের কারণে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।