অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে গত রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে দুই ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা হলেন ভারতের মালদা জেলার মল্লিক-সুলতানপুর গ্রামের আশুতোষ মণ্ডলের ছেলে কার্তিক মণ্ডল (২৫) এবং একই গ্রামের বিনয় মণ্ডলের ছেলে ক্ষুদি মণ্ডল (২১)।চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম বলেন, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকপাড়া সীমান্তের ১৮৩ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে কার্তিক মণ্ডল ও ক্ষুদি মণ্ডল বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবির একটি টহল দল তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা নারী পাচারের সঙ্গে সম্পৃক্ত এবং এ জন্যই তাঁরা বাংলাদেশে এসেছেন বলে তিনি জানান।গতকাল সোমবার সন্ধ্যায় আটক ব্যক্তিদের শিবগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।