গাড়ি বেশি, গতি কম

ঈদ উপলক্ষে মহাসড়কগুলোয় ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে। আজ শনিবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে কিছুটা যানজট দেখা গেছে। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে গাড়ি চলছে।

বঙ্গবন্ধু সেতুতে সকাল থেকে দীর্ঘ যানজট দেখা যাচ্ছে। ছবিটি আজ শনিবার সাড়ে ৯টায় তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
বঙ্গবন্ধু সেতুতে সকাল থেকে দীর্ঘ যানজট দেখা যাচ্ছে। ছবিটি আজ শনিবার সাড়ে ৯টায় তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ জানান, হাটিকুমরুল মোড়ে যানবাহনের ধীরগতি, যাত্রী ওঠানামা, উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি সেতুর ভাঙা রেলিং আর কামারখন্দ উপজেলার নলকা সেতুর গর্তের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। গাড়ি খুব ধীরগতিতে দেখে-শুনে চালাতে হচ্ছে।

গাজীপুরের বোর্ডবাজার থেকে আজ শনিবার সকালে তোলা ছবি। ছবি: মাসুদ রানা।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানান, আজ ভোররাত চারটার দিকে পোষ্টকামুরীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক রাস্তা থেকে সরিয়ে নেয়। তবে যানজট চলে সকাল সাতটা পর্যন্ত। এরপর থেকে ধীরগতিতে গাড়ি চলছে। বড় ধরনের যানজট নেই।

গাজীপুরের ভোগরা থেকে আজ শনিবার সকাল ৮টায় তোলা ছবি। ছবি: মাসুদ রানা।

গাজীপুরের কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানিয়েছেন, চন্দ্রার ত্রিমোড়ে যানজট নেই। তবে আশপাশ দিয়ে যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে। আজ দুপুরের পর থেকে চন্দ্রা ও আশপাশ এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে ঈদের ছুটি শুরু হবে। সেই সময় যানবাহনের চাপ আরও কয়েক গুণ বাড়ার আশঙ্কা রয়েছে।

ওসি হোসেন সরকার আরও জানিয়েছেন, গাজীপুরের ভোগড়া মোড় থেকে বোর্ডবাজার এলাকা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার এলাকায় যানবাহন থেমে থেমে চলছে। এ ছাড়া একই মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকাতেও গাড়ি ধীরে চলছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে আজ শনিবার সকালে তোলা ছবি। ছবি: মাসুদ রানা

গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার ওসি আব্দুল হাই বলেন, ভোগড়া এলাকায় চার রাস্তার মোড় থাকার কারণে কিছু সময় পরপর সিগন্যাল দিতে হয়। এ কারণে গাড়ি ধীরে চলছে।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল নির্বিঘ্ন করতে কমিউনিটি পুলিশ কাজ করছে। তিনি আশা করছেন, এবার গাজীপুরে ভয়াবহ যানজট হবে না।

গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে আজ শনিবার সকালে তোলা ছবি। ছবি: মাসুদ রানা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ সকাল ১০ পর্যন্ত যানজট ছিল না।