ফরিদপুর শহরে গত শুক্রবার বাসের চাপায় আহত এক তরুণ গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় অপর এক তরুণ নিহত হন।গত শুক্রবার বেলা দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার নিরাময় হাসপাতালের সামনে একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী শেখ সুমন, তাঁর বোন স্বপ্না (১২) ও চালক মিলন প্রামাণিক (২৬) আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্বপ্না ও সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সুমন গতকাল মারা যান। সুমনের বাড়ি ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকায়।ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় শুক্রবার বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী রুবেল বেপারী (১৯) নিহত হন। তাঁর বাড়ি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামে। গৌরনদী মহাসড়ক থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠিয়েছে।