দুই হাজার আদালত কক্ষ ডিজিটাইজ করা হবে: আইসিটি প্রতিমন্ত্রী

আইন ও বিচার বিভাগ এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে অতিথিরা
ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেছেন, দুই বছরের মধ্যে বিচারিক ব্যবস্থা পুরোপুরি ডিজিটাইজ করা হবে। সারা দেশের জুডিশিয়াল সিস্টেমকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর করতে ২ হাজার ২২৪ কোটি টাকায় ‘ই-জুডিশিয়ারি’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

আজ শনিবার আইন ও বিচার বিভাগ এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জুনাইদ আহ্‌মেদ এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আদালতে অডিও রেকর্ডিং পুল সিস্টেম থাকবে। পাশাপাশি ভার্চ্যুয়াল টার্মিনাল করা হবে। এ ছাড়া ১৪টি সেন্ট্রাল জেল ডিজিটাল করা হবে। আসামিরা যেন জেল থেকে শুনানিতে অংশ নিতে পারেন, সে জন্য ৯টি কেন্দ্রীয় কারাগারসহ ৬৪টি জেলা কারাগারে ক্যামেরা ট্রায়াল রুম করা হবে। গোপনীয়তা রক্ষার স্বার্থে বৈঠক অ্যাপস ব্যবহার করা হবে।

ডিজিটাল ইকোসিস্টেম গড়তে ৩টি বিষয়ের গুরুত্ব তুলে ধরে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বিচারিক ব্যবস্থা নিশ্চিত করতে বিচারকদের দুই হাজার ল্যাপটপ, অফিস স্টাফদের জন্য ডেস্কটপ এবং ৭৫ হাজার আইনজীবী ও বিচারককে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ভিডিও কনফারেন্সিং সিস্টেমসহ প্রতিবার অ্যাসোসিয়েশনে একটি করে সাইবার ক্যাফে প্রতিষ্ঠা করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুক হক করোনা পজিটিভ হওয়ায় উপস্থিত থাকতে পারেননি। ডিজিটাইজেশনের মাধ্যমে বাংলাদেশের বিচারিক কার্যক্রমকে এগিয়ে নিতে অনলাইন কজলিস্ট (মামলার কার্যতালিকা), জুডিশিয়াল মনিটরিং ড্যাশবোর্ড এবং আমার আদালত (মাইকোর্ট) মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কোনো নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা জনগণ কিংবা বিচারসংশ্লিষ্ট যে কেউ causelist.judiciary.org.bd ওয়েবসাইট ও আমার আদালত (মাইকোর্ট) মোবাইল অ্যাপ ভিজিট করে তাঁর মামলার সর্বশেষ তথ্যাদি পাবেন। ওয়েবসাইটে প্রথমে সংশ্লিষ্ট বিভাগ, পরে জেলা এবং সর্বশেষ সংশ্লিষ্ট আদালতের নাম সিলেক্ট করে বিচারপ্রার্থীরা তাঁদের মামলার সর্বশেষ আদেশ, পরবর্তী তারিখ এবং মামলার অবস্থা জানতে পারবেন।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন ও বিচার বিভাগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, ইউএনডিপি বাংলাদেশ, এটুআইএর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিচারকেরা উপস্থিত ছিলেন।