দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগরের বনতেঁতুলিয়া গ্রামে গত মঙ্গলবার রাতে গ্রামবাসীর পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাত আবদুল মান্নান (৪২) আদমদীঘি উপজেলার নশরতপুরের হলুদঘর গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, রাত একটার সময় একদল ডাকাত প্রবাসী এমদাদুল হকের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় এমদাদুল হক ও তাঁর স্ত্রী খাদিজা খানম বাধা দিলে ডাকাতেরা তাঁদের মারধর করে। তারা ৪৮ হাজার টাকা, দুই হাজার ৮০০ সৌদি রিয়াল, স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন সেট লুট করে। বাড়ির সদস্যদের চিৎকারে গ্রামবাসী একত্র হয়ে ওই বাড়ি ঘেরাও করে। এ সময় ডাকাতেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী আবদুল মান্নানকে আটক করে মারধর করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।