দুর্ঘটনার বিষয়ে সচেতন করতে তিনি এখন রাজশাহীতে

রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন সাঈদ রিমন।
রাজশাহীতে  সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন সাঈদ রিমন।

সাঈদ রিমনকে নিয়ে ২০১৭ সালের ২৮ অক্টোবর প্রথম আলোর সাপ্তাহিক ম্যাগাজিন ছুটির দিনের শেষ পৃষ্ঠায় ‘ফেসবুক পোস্টে সচেতন করেন মানুষকে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তিনি এখন রীতিমতো একজন ‘সেলিব্রেটি’। পুলিশ প্রশাসন তাঁর পোস্টগুলো নিয়ে সারা দেশে বিলবোর্ড তৈরি করেছে। তিনি এবার রাজশাহীতে এসেছেন।

গতকাল বেলা ১১টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত সাঈদ রিমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী রেলস্টেশন ও বাস টার্মিনাল এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। তিনি গলায় তাঁর ফেসবুক পোস্টের ব্যানার ঝুলিয়ে হ্যান্ডমাইক নিয়ে এই অভিযানে নামেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস টার্মিনালে গিয়ে বাসের চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট দেন। শিক্ষার্থীদের হাতে হাতে সড়ক দুর্ঘটনা ও মাদকের বিষয়ে সচেতনতামূলক লিফলেট তুলে দেন। হ্যান্ডমাইকে সচেতনতামূলক কথাবার্তা বলেন।

সাঈদ রিমন প্রথম আলোকে বলেন, এর আগে তিনি ফেসবুকেই সচেতনতামূলক পোস্ট দিয়েছেন। এ নিয়ে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন। প্রথম আলোর পরে বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে তাঁর সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। ইতিমধ্যেই তিনি অনেকের কাছেই পরিচিত হয়ে উঠেছেন। এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর ফেসবুক পোস্টের লিফলেট তৈরি করে বড় বড় শহরে গিয়ে সরাসরি মানুষকে সচেতন করার জন্য বিলি করবেন। তিনি রাজশাহী থেকে তাঁর এই নতুন অভিযান শুরু করেছেন।