দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, অবরোধ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীরশিমলা এলাকায় পিকআপ ভ্যানের চাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তাঁদের মধ্যে একজনের বয়স ৬৫ বছর ও আরেকজনের বয়স ১২ বছর।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, শিশুটিকে নিয়ে বয়স্ক ব্যক্তিটি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে এসে পিকআপ ভ্যানটি তাঁদের চাপা দেয়। এতে তাঁরা ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় বাসিন্দারা ও ওসি আরও জানান, প্রতিবাদে সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে আবার যান চলাচল শুরু হয়েছে।

পিকআপ ভ্যান ও চালকের খোঁজ পাওয়া যায়নি। মামলার বিষয়টি জানা যায়নি।