দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে জেরা চলছে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে জেরা চলছে। আইনজীবী রেজ্জাক খান এ মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন অর রশীদকে জেরা করছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ বিচারকাজ চলছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। মামলার অপর আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।