দেড় মণ ধানে এক কেজি ইলিশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হাট-বাজারগুলোতে পর্যাপ্ত ইলিশ নেই। অল্প কিছু ইলিশ বাজারে এলেও তা অস্বাভাবিক বেশি দামে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা দরে। এদিকে কৃষকের গোলার প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। ইলিশের এমন ভরা মৌসুমে দেড় মণ ধান বিক্রি করলে এক কেজি ওজনের একটি ইলিশ মেলে। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে ইলিশ। মাছ ব্যবসায়ী সহিদ উল্যা ও রুহুল আমিন জানান, গত বছর এ মৌসুমে চার কেজি ওজনের এক হালি ইলিশ বিক্রি হয়েছিল এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকায়।