আজ বৃহস্পতিবার একজন মানবতাবিরোধী অপরাধীর বিচারের সম্ভাব্য রায় ঘোষণার প্রেক্ষাপটে দেশবাসীকে সতর্ক
থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল বুধবার বিকেলে ধানমন্ডিতে দলের সভাপতির
কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় ঘোষণার পর জামায়াত-শিবির, বিএনপি ও
তাদের নতুন দোসর হেফাজতে ইসলামের জঙ্গি দুষ্কৃতকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত হতে পারে। এই
প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে ব্রতী
সবাইকে নিজ নিজ ক্ষেত্রে সতর্ক অবস্থানে থাকতে হবে।
সম্মেলনে আরও বলা হয়, বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট এবং তার সঙ্গে হেফাজত মিলে
দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, গাড়িতে অগ্নিসংযোগ, বোমাবাজি, ভাঙচুর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর
অতর্কিত হামলা প্রভৃতি সন্ত্রাসী কাজের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে জনমনে ভীতি সঞ্চারের
অপপ্রয়াস চালাচ্ছে। এগুলো কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের কাজ হতে পারে না।
সম্মেলনে আরও বলা হয়, সাভারে রানা প্লাজা ধসে পড়ার পর যেমন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া হতাহতের
সম্পর্কে মিথ্যাচার করেছিলেন, ঠিক সেভাবেই মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতের কর্মীদের সরিয়ে
দেওয়ার বিষয়েও মিথ্যাচার করে যাচ্ছেন। তাঁরা হীন গোষ্ঠী ও পারিবারিক স্বার্থ হাসিলের জন্য আরও নানা ধরনের
মিথ্যা কথা বলবেন। এসব বিষয়ে দেশবাসীকে সচেতন থাকতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে
আহমদ হোসেন, ফরিদুন্নাহার লাইলি এবং সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, ফজলে নূর তাপস প্রমুখ উপস্থিত
ছিলেন।