ঢাকার দোহার উপজেলায় গতকাল সোমবার জয়পাড়া ডিগ্রি কলেজের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়েছে। তবে স্থানীয় জনতার প্রতিরোধে অপহরণের চেষ্টাকারীরা পালিয়ে যায়। দোহার থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে বাড়ি ফেরার জন্য ওই ছাত্রী কলেজের মূল ফটকে আসেন। এ সময় উপজেলার কাটাখালী গ্রামের আবদুল জলিল খানের ছেলে মাসুদ হোসেন ও তাঁর সহযোগীরা ওই ছাত্রীকে জোর করে মোটরসাইকেলে ওঠানোর চেষ্টা করেন। তাঁর চিৎকারে কলেজের শিক্ষার্থী ও আশপাশের লোকজন এগিয়ে এলে মাসুদ ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। কলেজের অধ্যক্ষের কক্ষে বৈঠকের পর ছাত্রীকে তাঁর মা-বাবার জিম্মায় দেওয়া হয়। এ ব্যাপারে মাসুদ ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। দোহার থানার ওসি বশির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।