
ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট থেকে ২০০টি সোনার বারসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-১১। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে র্যাব তাঁদের আটক করে। সোনার বারের ওজন আনুমানিক ২২ কেজি। এর বাজারমূল্য প্রায় ১৩ কোটি টাকা।
র্যাব জানায়, সকাল সাড়ে আটটার দিকে তাঁরা দোহারের মৈনট ঘাট দিয়ে সোনার বার চালান হবে—এ রকম গোপন খবর পান। র্যাব-১১ নারায়ণগঞ্জ আদমজীনগর ক্যাম্পের কমান্ডার মেজর আশিক বিল্লাহ ও মুন্সিগঞ্জ বালাশুর ক্যাম্প কমান্ডার এএসপি মুহিতুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল দোহার উপজেলার মৈনট ঘাটে অভিযান চালায়। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে মৈনট ঘাটে আসা পাঁচ যাত্রীকে র্যাব আটক করে। পরে তাঁদের শরীর ও ব্যাগ তল্লাশি করে ২০০ বার সোনা এবং নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক করা ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামের মো. মহসিন (৪৭), নবাবগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামের মো. ফিরোজ (৩৪), একই উপজেলার মদনখালী গ্রামের মো. সিদ্দিক (৪৬), মো. মিজান (৩৪) এবং একই গ্রামের মো. আমিনুল ইসলাম (৪০)।
র্যাব-১১ মুন্সিগঞ্জ বালাশুরের ক্যাম্প কমান্ডার এএসপি মুহিতুল ইসলাম ও নারায়ণগঞ্জ আদমজীনগর ক্যাম্পের কমান্ডার মেজর আশিক বিল্লাহ প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের থানায় পাঠানো হবে।