নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংগঠন ব্রতী বলেছে, প্রথম পর্যায়ের তুলনায় গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের উপজেলা পরিষদ নির্বাচনে সংঘর্ষ, ভোটকেন্দ্রে অনিয়ম, ভোট বর্জন, ভোট গ্রহণ স্থগিত, ভোটারদের বাধা প্রদান ও অভিযোগের মাত্রা ছিল বেশি।
২৩টি উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ শেষে গণমাধ্যমে পাঠানো প্রাথমিক প্রতিবেদনে ব্রতী এ তথ্য জানায়। সংগঠনটি মনে করে, স্থানীয় সরকার নির্বাচন অতিমাত্রায় দলীয়করণের ফলে এমনটি ঘটছে।
ব্রতীর প্রতিবেদনে বলা হয়, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাসদস্যদের টহল দিতে দেখা গেছে। এর পরও সংঘর্ষ, ভোট দিতে বাধা, অস্ত্র চুরি, ব্যালট ছিনতাই এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে।