সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের গলুইখালী গ্রামে পল্লী বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ায় দুই দিন ধরে আশপাশের চারটি গ্রাম ও একটি বাজারে বিদ্যুৎ নেই। কোনো পদক্ষেপ না নেওয়ায় গ্রাহকেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ শাখার অধীনে গলুইখালী গ্রামের সামনে থাকা ওই বৈদ্যুতিক খুঁটি গত রোববার হেলে পড়ে যায়। এতে স্থানীয় মধ্যনগর বাজার, মধ্যনগর গ্রাম, বৈঠাখালী, পিপড়াকান্দা ও দুগনই গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে। মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপব্যবস্থাপক (ডিজিএম) মো. এমদাদুল ইসলাম বলেন, মধ্যনগর এলাকায় বিদ্যুতের খুঁটি সংস্কারের জন্য গতকাল মঙ্গলবার সেখানে লোক পাঠানো হয়।