সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজারের একটি চায়ের দোকানে গতকাল বুধবার সকালে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে ছয় যুবকের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: মধ্যনগর পূর্বপাড়া গ্রামের উত্তম রায় (২০), দক্ষিণ উড়া গ্রামের অমল চন্দ্র সরকার (১৮), সমর চন্দ্র সরকার (১৮), রুপক চন্দ্র সরকার (২১), রামদীঘা গ্রামের সুধীর চন্দ্র সরকার (১৮) ও অঞ্জন সরকার (২৩)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ শহিদুল ইসলাম আদালত পরিচালনা করেন।মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক প্রথম আলোকে জানান, প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওই ছয়জন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন। গতকাল দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।