হাওরের বোরো জমিতে ধান কাটতে গিয়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের হাদিছ মিয়া (২৭) নামের এক ধান কাটার শ্রমিক বজ্রপাতে মারা গেছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও নিহত হাদিছ মিয়ার পরিবার সূত্রে জানা যায়, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের সামনের ধলার হাওরের বোরো জমিতে ধান কাটার জন্য ওই দিন সকালে হাদিছ মিয়াসহ চার-পাঁচজন ধান কাটার শ্রমিক একই ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে রওনা হন। পথে তাঁরা সাউদপাড়া গ্রামের সামনে এলে ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় আকসিঞ্চক বজ্রপাতে হাদিছ মিয়া ঘটনাস্থলেই মারা যান।