বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে দুই ব্যবসায়ীকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত আটটার দিকে ধুনট উপজেলার ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মুহাম্মাদ ইব্রাহীম এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আবদুল জলিলের ছেলে আলমগীর হোসেন (৩০) ও একই গ্রামের আবদুল হাকিমের ছেলে আবদুর রহিম (৩০)। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, বাঙ্গালী নদীর বিলচাপড়ি-রাঙ্গামাটি ঘাট এলাকা থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন আলমগীর ও আবদুর রহিম। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই দুই বালু ব্যবসায়ীকে আটক করে দুই মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।