
নওগাঁ জেলায় নতুন ৬০ জনসহ কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৮৩৯। তাঁদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯১ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ৪৪ শতাংশ। আর এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১৬ ও ১৮ জুলাই নওগাঁ থেকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রিসার্চ সেন্টার ল্যাবে পাঠানো ২০১টি নমুনা পরীক্ষার প্রতিবেদন গতকাল সোমবার রাতে ই-মেইলে আসে। এর মধ্যে ৬০ জনের করোনা ‘পজিটিভ’ এসেছে। নতুন শনাক্ত লোকজনের মধ্যে দুজন চিকিৎসক, তিনজন পুলিশ সদস্যসহ নওগাঁ সদর উপজেলার ২১ জন, নিয়ামতপুরে একই পরিবারের তিনজনসহ ৯ জন, সাপাহারে দুই পুলিশ সদস্যসহ ১০ জন, পোরশায় ৯ জন, বদলগাছীতে ৪ জন, মহাদেবপুরে ৩ জন, মান্দায় ২ জন ও পত্নীতলার ২ জন রয়েছেন।
জেলায় প্রথম একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় গত ২১ এপ্রিল। সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায়। গতকাল রাতের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন শনাক্ত ২১ জনসহ সদর উপজেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩০০।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, নতুন আক্রান্ত ৬০ জনের অধিকাংশের শরীরেই জটিল কোনো উপসর্গ নেই। তাঁদের সবাইকে বাড়িতে কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্ত লোকজনের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে এবং তাঁদের সবার নমুনা সংগ্রহ করা হবে।