নওগাঁয় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রকেট (৩৮) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদরের নওহাটা মোড়ের হক পেট্রলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।নওহাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, সকাল ১০টার দিকে নওগাঁ থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাস নওহাটা মোড়ে হক পেট্রলপাম্পের সামনে বাইসাইকেল আরোহী রকেটকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রকেট নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের নিন্দইন গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে। এ ব্যাপারে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।