নকল ড্রাইভিং লাইসেন্স তৈরির অভিযোগে গত রোববার রাতে বাড্ডা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা হলেন মো. সিরাজুল ইসলাম, সাইদুর রহমান, আবদুর রাজ্জাক ও বজলুর রহমান।
গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, সাইদুর সেনাবাহিনীতে ও বজলুর পুলিশে চাকরি করতেন। দুজনকেই চাকরিচ্যুত করা হয়। চক্রটি বিআরটিএর দালালদের মাধ্যমে প্রতিটি নকল ড্রাইভিং লাইসেন্স ৭৫০ টাকা, নকল ফিটনেস সার্টিফিকেট ৫০০ টাকা ও নকল ইনস্যুরেন্স সনদ ৩৫০ টাকায় বিক্রি করত।