
ফরিদপুরের নগরকান্দায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। হাসি বেগম (৩৮) নামের ওই নারী উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের হায়দার শিকদারের স্ত্রী। বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাড়িতে মারা যান।
হাসি বেগম কয়েক দিন ধরে সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন। তাঁর স্বামী হায়দার শিকদার (৫০) এবং ছেলে আবুল বাশার মিয়াও (২০) অসুস্থ রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
প্রতিবেশী সেলিম ফকির বলেন, হায়দার শিকদারের ছেলে আবুল বাশার পেশায় ভ্যানচালক। তিনি সম্প্রতি বাড়িতে এসেছেন। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে একটি মেডিকেল টিম পাঠিয়ে হাসি বেগম, তাঁর স্বামী হায়দার শিকদার ও পুত্র আবুল বাশারের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি প্রু বলেন, এ ঘটনার পর ওই বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
চরযশোরদী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান জানান, প্রতিবেশী ও বাড়ির লোকজন মৃত নারীর দাফনে অনীহা জানালে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা গোসল ও জানাজা পড়ান। এরপর বৃহস্পতিবার বিকেলে তাঁকে দাফন করা হয়।