নদীভাঙনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে দেশের ২৯টি স্থান। স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে গবেষণা করে পানিসম্পদ মন্ত্রণালয়ের ট্রাস্টি প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এ স্থানগুলো চিহ্নিত করেছে।
ভাঙনের তীব্রতা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকিকে ভিত্তি করে ব্র্যাক কুড়িগ্রামের রৌমারী, বগুড়ার সারিয়াকান্দি, রাজবাড়ীর পাংশা ও কালুখালী এবং শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার মানুষকে সতর্ক করার কাজ করছে।
আজ সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘স্থানীয় পর্যায়ে নদীভাঙনের ঝুঁকি, পূর্বাভাস, সতর্কীকরণ, প্রচার ও করণীয়’ বিষয়ক পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক যৌথভাবে এ সভার আয়োজন করে।
ব্র্যাকের ডিএমসিসি ২০১৬ সাল থেকে সিইজিআইএসের কারিগরি সহযোগিতায় ‘নদীভাঙনের ঝুঁকি, পূর্বাভাস ও পরামর্শ’ নামক প্রকল্প বিভিন্ন জেলায় বাস্তবায়ন করছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় চলতি বছর আটটি জেলার ১৬টি উপজেলার ১৩টি ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কীকরণ-বার্তা কীভাবে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।