নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামের পাশে ব্রহ্মপুত্র নদে ডুবে গতকাল সোমবার বিকেলে তিন শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সনমান্দী ইউনিয়নের কুমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও দৌলরদী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে সাবিকুন নাহার (৮) বিকেলে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। একপর্যায়ে সাবিকুন নাহার পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে একই স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মিথিলা আক্তার (৬) ও মোজাম্মেল হকের ছেলে নিরব হোসেন (৭) এগিয়ে যায়। উদ্ধার করতে গিয়ে তারাও পানিতে তলিয়ে যায়।
খোঁজাখুঁজির পর তিন শিশুকে নদ থেকে উদ্ধার করে ঢাকার মাতুয়াইলে শিশু ও মাতৃ ইনস্টিটিউটে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। এ সময় শিশুদের পরিবারের লোকজনের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।