ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলামকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শনিবার সকাল থেকে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের বাঙ্গুরা বাজারে গাছ ফেলে ও টায়ার পুড়িয়ে অবরোধ সৃষ্টি করে। ফলে সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে।দুপুর ১২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল আমীন বলেন, ‘সাজানো মামলায় একটি মহলের ইঙ্গিতে এবং ওসির নির্দেশে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে।’