ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদের কাছে বিটুমিন (পিচ) বোঝাই একটি ট্রাক গতকাল বুধবার রাত আনুমানিক পৌনে নয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের আরোহী তিন শ্রমিক নিহত ও চারজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার উলচাপাড়া গ্রামের লিটন মিয়া (২২), আলম মিয়া (২৫) ও সিমরাইলকান্দি গ্রামের রায়হান মিয়া (২০)। পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ ও ট্রাকের আরোহী আহত শ্রমিক আরিফ মিয়া জানান, চট্টগ্রাম থেকে ৬২টি বিটুমিনের ড্রাম নিয়ে ট্রাকটি নবীনগরের রসুল্লাবাদে আসছিল। পথিমধ্যে রসুল্লাবাদের কাছে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের গভীর খাদে পড়ে যায়।