ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে গতকাল বৃহস্পতিবার পূজা কমিটির এক নেতার ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আহত ওই সংখ্যালঘু নেতা এখন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালে ভর্তি হওয়া ওই নেতা ও তাঁর আত্মীয়রা জানান, শ্যামগ্রাম বাজারের একটি ফার্মেসির মালিক ও শ্যামগ্রাম পূজা উদ্যাপন পর্ষদের কোষাধ্যক্ষ নবদ্বীপ চন্দ্র দেব (৫৮) গতকাল সকাল নয়টার দিকে তাঁর বাড়ি থেকে বাজারে আসছিলেন। এ সময় আগে থেকে বাজারের দক্ষিণ ব্রিজের ওপর ওত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর আচমকা হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে লোকজন তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন সরকার বলেন, ‘হামলাকারীরা এলাকার বখাটে ও খারাপ প্রকৃতির লোক। আগের এক ঘটনার জের ধরেই এ হামলা হয়েছে বলে আমিও শুনেছি।’নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, ঘটনা শোনার পরপরই হামলাকারীদের গ্রেপ্তারের জন্য এলাকায় অভিযানে নেমেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।