পঞ্চগড় সরকারি মহিলা কলেজে গতকাল বুধবার নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। শুরুতেই ডিগ্রি প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন অধ্যক্ষ কানাইলাল কুণ্ডু, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মণিশংকর দাস গুপ্ত, ইতিহাস বিভাগের প্রভাষক আলী সায়েদ প্রমুখ। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানে আবৃত্তি, গান, নাচ পরিবেশন করা হয়। সংগীতানুষ্ঠান শেষে শিক্ষকদের অংশগ্রহণে চাঁদের কফি নাটকটি মঞ্চস্থ হয়।