
রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে নব্য জেএমবি’র সন্দেহভাজন এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সালেক ওরফে আবু সালেক (১৯)।
সিটিটিসি’র জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন সোমবার সন্ধ্যা সাতটার দিকে কোতোয়ালি থানাধীন বাবু বাজার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।
এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
ইমরান জানান, গ্রেপ্তারকৃত সালেক সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন নেটওয়ার্কিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করছিলেন। তাঁদের সদস্য সংগ্রহ ও নাশকতা মূলক কর্মকাণ্ড সংগঠনের পরিকল্পনা ছিল।
সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তার সালেককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে তারা। সালেকের বাসা কেরানীগঞ্জে। পেশায় তিনি একজন দিনমজুর।
সালেকের পরিবারের বা তাঁর আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।