নরসিংদীর শিবপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার আবদুল বাছেদ (৫৫) নামে এক কৃষক খুন হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের বাসিন্দা ছাত্তার ও মোমেনের মধ্যে জমির আইল নিয়ে ঝগড়া বাধে। এ সময় ছাত্তারের বড় ভাই বাছেদ ঝগড়া থামাতে গেলে মোমেন ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলেই বাছেদ মারা যান। এ ঘটনায় ছাত্তার বাদী হয়ে একটি মামলা করেছেন। শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছাদেক, শাহীন, জোলেখা ও রাজিয়া নামে চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।