নরসিংদী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবদুল হান্নানকে (৬৫) সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের গণেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবদুল হান্নান শীলমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও নরসিংদীর পাইকারি কাপড়ের হাট শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সাবেক সভাপতি।পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, আবদুল হান্নান গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় আবদুল্লাহ বাজার থেকে শেখেরচরে নিজ বাড়িতে ফিরছিলেন। গণেরগাঁও একাব্বর মেম্বারের বাড়ির পাশের সড়কে পৌঁছা মাত্র পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁকে ধরে গলা কেটে হত্যা করে। রাত সাড়ে আটটায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।নিহত ব্যক্তির চাচাতো ভাই ও শীলমান্দি ইউপির চেয়ারম্যান আবদুল বাকীর প্রথম আলোকে বলেন, ‘কী কারণে, কারা ভাইকে হত্যা করেছে, তা এখনো আমরা বলতে পারছি না। কারণ, তিনি বর্তমানে কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।’