পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মারপিটের ঘটনায় আহত নজরুল ইসলাম মোল্লা (১৯) নামের এক মাদ্রাসাছাত্র মারা গেছেন। গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ নিহত নজরুলের খালা ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ফরিদা বেগমকে (৫৫) গ্রেপ্তার করেছে।
নজরুল ইসলাম উপজেলার পশ্চিম ছোট বুইচাকাঠি গ্রামের বেল্লাল মোল্লার ছেলে। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করতেন।
পুলিশ জানায়, ৭ ডিসেম্বর তিনি উপজেলার জয়পুর গ্রামে মামাবাড়িতে বেড়াতে যান। ওই দিন দুপুর একটার দিকে নজরুলের মামা কাক্কা মোল্লা ও মামি মাজেদা বেগমকে সঙ্গে খালু হাবিব শেখ ও খালা ফরিদা বেগমের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তাঁরা মারপিট শুরু করেন। এ সময় নজরুল মামা ও মামিকে উদ্ধার করতে গেলে তাঁকে খালা, খালু ও খালাতো ভাইয়েরা পিটিয়ে আহত করেন।