রংপুরের বদরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রামগঞ্জে মুক্তি চাই নামের একটি নাটক প্রদর্শন করা হচ্ছে। গতকাল রোববার বিকেলে উপজেলার আমরুলবাড়ি হাটখোলাপাড়া গ্রামে নাটকটি প্রদর্শন করা হয়। নাটকে বাল্যবিবাহ-পরবর্তী করুণ পরিণতির চিত্র তুলে ধরা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ব্র্যাক বদরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে গত বছরের জুলাই মাস থেকে নাটক, আলোচনা সভা, বৈঠক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কুইজ ও বিতর্ক অনুষ্ঠান আয়োজন করছে। ব্র্যাকের জ্যেষ্ঠ জেলা ব্যবস্থাপক সাজ্জাদুজ্জামান চৌধুরী বলেন, গত ১০ মাসে উপজেলার ১১৫টি স্থানে নাটকটি প্রদর্শন করা হয়েছে। এতে বাল্যবিবাহ প্রতিরোধে সুফল পাওয়া যাচ্ছে।