নাটোরে ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের বাগরোম গ্রামে গত সোমবার দিবাগত রাতের ঝড়ে গাছচাপায় গৃহবধূ মারা গেছেন৷ আহত হয়েছেন ১০ জন৷ দুই মিনিটের ওই ঝড়ে এলাকার গাছপালা ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে৷ বিদ্যুৎ-সংযোগও বন্ধ রয়েছে।
এলাকাবাসীর অনেকে জানান, মঙ্গলবার রাত দুইটায় গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড বেগে ঝড় বয়ে যায়। এ সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়লে ওই গ্রামের আবদুস সাত্তারের স্ত্রী শিল্পী বেগম (৩৫) গাছের নিচে চাপা পড়েন৷ ঘটনাস্থলেই তিনি মারা যান৷ এলাকার অনেক গাছ ভেঙে পড়ে। ভুট্টা খেতের ব্যাপক ক্ষতি হয়৷ এলাকার কমপক্ষে ১০ জন আহত হন৷ তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নাটোর-হালসা সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি এলাকার বিদ্যুৎ-সংযোগও বন্ধ হয়ে যায়৷
হালসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।