নাতিকে আনতে গিয়ে...

নোয়াখালীতে নাতিকে স্কুল থেকে আনতে গিয়ে মোটরসাইকেলের চাপায় প্রাণ হারিয়েছেন দাদি শেফালী রানী সাহা (৬৬)। শহরের দত্তবাড়ির মোড়ে গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেফালী রানী নোয়াখালীর কবিরহাট উপজেলার নতুন সাহজিরহাট এলাকার গোপাল সাহার স্ত্রী।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শেফালী রানী রোববার তাঁর নাতি গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র পুণ্য সাহাকে (৮) নিয়ে বাসায় ফিরছিলেন। দত্তবাড়ির মোড়ে সোনাপুর-মাইজদী সড়ক পার হওয়ার সময় মাইজদীগামী একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় পুণ্য সাহা অল্পের জন্য রক্ষা পায়। ঘটনার পর স্থানীয় লোকজন শেফালী রানীকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।