নারায়ণগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তি পাথর দিয়ে আঘাত করে তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ফতুল্লার উত্তর ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, গতকাল সকালে পারিবারিক কলহের জের ধরে উত্তর ইসদাইর এলাকার থাই-শ্রমিক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে স্ত্রী লাইলী বেগমের (৩২) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী জাহাঙ্গীর স্ত্রী লাইলীর মাথায় পাথর দিয়ে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।