নারী নির্যাতনকারীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি

মহিলা পরিষদের একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেয়। ১৬ মে, ঢাকা
ছবি: প্রথম আলো

নারী নির্যাতনকারী ও নারীর মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধি রাখার বিষয়টি সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে রাখার দাবি তুলেছে পরিষদ।

আজ সোমবার সকালে মহিলা পরিষদের একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় পরিষদের পক্ষ থেকে সিইসিকে একটি স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম।

স্মারকলিপিতে মোট ১৭টি দাবি তুলে ধরেছে মহিলা পরিষদ। এর মধ্যে অন্যতম হচ্ছে, নারী নির্যাতনকারীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, নির্বাচন–পরবর্তী সময়ে প্রান্তিক নারীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, সংখ্যালঘু ও প্রান্তিক নারীরা যাতে অবাধে নিজের মতামতের ভিত্তিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রের পরিবেশ নারীবান্ধব করা।

মহিলা পরিষদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন সিইসি। সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে প্রতিটি রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির বিষয়টি তিনি দেখবেন বলে জানান। সিইসির সঙ্গে মহিলা পরিষদের প্রতিনিধিদলের আলোচনার সময় নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সময় গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখার বিধান করা হয়েছিল। তাতে দলের নিবন্ধনের ক্ষেত্রে ২০২০ সালের মধ্যে এই কোটা পূরণ করার শর্ত ছিল। তবে কোনো দলই তা করতে পারেনি। কমিশনও বিষয়টি শিথিলভাবে দেখেছিল।

সিইসির সঙ্গে মহিলা পরিষদের আলোচনার সময় সংগঠনের সভাপতি ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সহসভাপতি মাখদুমা নার্গিস ও রেখা চৌধুরী, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও মাসুদা রেহানা বেগম এবং অ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী।