নাসিরনগরের বাজারে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার প্রত্যন্ত এলাকার বাজারে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদসহ চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা-বেঙ্গাউতা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জনান, ১৫-২০ জনের মুখোশ পরা একদল ডাকাত ওই বাজারের ব্যবসায়ী আকসির মিয়ার মুদির দোকান, নুরধনের সারের দোকান, আলম মিয়ার মুদির দোকান ও নুরুজ মিয়ার মুদির দোকানের তালা ভেঙে ফেলে। ডাকাতের দল নগদ টাকাসহ মালামাল নিয়ে পালিয়ে যায়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, ‘বিষয়টি শুনেছি। কেউ এখনো অভিযোগ দেয়নি।’