কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৪) গত বুধবার সকালে অপহরণ করে এলাকার কয়েকজন বখাটে। অপহরণের দুই দিন পরও পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, স্কুলে যাওয়া-আসার পথে মেয়েটিকে প্রেম নিবেদন করেন বখাটে জাহাঙ্গীর আলম (২১)। এতে ছাত্রীটি কোনো সাড়া না দিয়ে ঘটনাটি বাবা-মাকে জানায়। মেয়েটির বাবা কয়েক দিন আগে বিষয়টি জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে ওঠেন।