কিশোরগঞ্জের নিকলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার জারইতলা ইউনিয়নের সাহাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে স্থানীয় হাসপাতালে এবং বাকিদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় ইউপি সদস্য কামাল মিয়া ও আলীমন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে সকালে কামাল মিয়ার লোকজন আলীমনের বাড়িতে হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।