
রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর তৌহিদুল ইসলাম ওরফে নাহিফুল (১১) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করে বুধবার জেলা কারাগারের শিশু সেলে পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যার পর উপজেলার ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের পালগড় গ্রাম এলাকার একটি অগভীর নলকূপের ঘর থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়েছে।
তৌহিদুল ইসলাম উপজেলার শাল্টি পশ্চিমপাড়ার নুর আলমের ছেলে। সে স্থানীয় শাল্টি শমস দীঘি উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল তৌহিদুলকে প্রতিবেশী এক কিশোর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেদিন থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তৌহিদুলকে হত্যার বর্ণনা দেয় সে। পরে তার দেওয়া তথ্যর ভিত্তিতে মঙ্গলবার রাতে তৌহিদুলের লাশ উদ্ধার করে পুলিশ।
এসআই আসাদুজ্জামান আসাদ বলেন, এ ঘটনায় নিহত শিশুর বাবা নূর আলম বাদী হয়ে ওই কিশোরকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় ওই কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর শিশুটির লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।