সুরমা নদীতে বাঁধ দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিখোঁজ চারজনের মধ্যে দুজনের লাশ গত বুধবার বিকেলে উদ্ধারের পাঁচ ঘণ্টা পর রাত ১১টায় মিলল আরও দুজনের লাশ। এ নিয়ে নিখোঁজ চারজনসহ সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচজন। পুলিশ জানায়, গত মঙ্গলবার সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকের সীমান্তবর্তী পারকুল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হন। ওই সময় নিখোঁজ হয়েছিলেন ছাতকের শংকরপুর গ্রামের জমসিদ আলী (৩৫), তাজউদ্দিন (৩০), ইউসুফ আলী (৪০) ও কালারুকা গ্রামের জালাল মিয়া (৩০)। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় সুরমা নদীর মাধবপুর এলাকা থেকে জমসিদ ও জালালের লাশ উদ্ধার করার পর রাত ১১টায় সুরমায় ভেসে ওঠে ইউসুফ ও তাজউদ্দিনের লাশ।